সংবাদকে ভিন্নভাবে উপস্থাপনের জন্য বিভ্রান্তিকর তথ্য ও পরিবর্তিত ছবি ব্যবহার না করার আহ্বান জানিয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ সতর্কতার কথা জানানো হয়।
হাইকমিশনের পোস্টে বলা হয়েছে, হাইকমিশনারের পক্ষ থেকে ‘অর্থশাস্ত্র’ বইয়ের একটি কপি উপহার দেওয়া হয়েছিল।
বইটির মূল প্রচ্ছদে শিক্ষার গুরুত্ব তুলে ধরে একটি বাণী লেখা রয়েছে—শিক্ষা মানুষের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ এবং শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মান লাভ করেন।
তবে হাইকমিশনের দাবি, একটি নির্দিষ্ট সংবাদকে ভিন্ন অর্থে উপস্থাপনের উদ্দেশ্যে বইটির মূল প্রচ্ছদ পরিবর্তন করে তা প্রচার করা হয়েছে।
এ ধরনের সম্পাদিত বা বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে পাঠকদের বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
একই সঙ্গে কোনো সংবাদকে নিজেদের পছন্দ অনুযায়ী উপস্থাপনের জন্য বইয়ের মূল প্রচ্ছদ বা সংশ্লিষ্ট কোনো ছবি পরিবর্তন না করার অনুরোধ জানানো হয়েছে।
হাইকমিশন আরও বলেছে, তথ্য উপস্থাপনের ক্ষেত্রে মূল উপাদান অপরিবর্তিত রাখা জরুরি। অন্যথায় একটি সংবাদ বা ঘটনার প্রকৃত বক্তব্য বিকৃত হয়ে পাঠকের কাছে ভুল বার্তা পৌঁছাতে পারে।
এসআর