[email protected] শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩

নেপালের বন্যায় এখনো কোনো বাংলাদেশির হতাহতের তথ্য নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৬ ৫:৪০ পিএম

সংগৃহীত ছবি

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিক হতাহত বা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

তবে কোনো বাংলাদেশি বিপদের মধ্যে থাকলে তাকে উদ্ধারে ও দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা বলার কথাও জানান খলিলুর রহমান।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে নেপালের সরকার ও জনগণের প্রতি সহমর্মিতা এবং শোক জানানো হয়েছে। একই সঙ্গে প্রয়োজন হলে নেপালকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

নেপালের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে খলিলুর রহমান বলেন, বন্যা ও ভূমিধসে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যালোচনা করা হচ্ছে।

কী ধরনের সহায়তা প্রয়োজন, তা নেপালের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যা অথবা শুক্রবারের মধ্যে জানানো হতে পারে।

বাংলাদেশিদের বিষয়ে জানতে চাওয়া হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বাংলাদেশি নাগরিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে নেপাল সরকারকে তা জানাতে অনুরোধ করা হয়েছে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, কোনো বাংলাদেশি নাগরিক সেখানে বিপদে পড়লে তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার প্রস্তুত রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর