বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
বার্তায় দ্রৌপদী মুর্মু বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবন ও জনসেবার অভিজ্ঞতা মির্জা ফখরুলকে রাষ্ট্রপতির দায়িত্ব সফলভাবে পালনে সহায়তা করবে বলে তিনি আশাবাদী।
বাংলাদেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব একটি ফলপ্রসূ অধ্যায়ের সূচনা করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ভারতের রাষ্ট্রপতি দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথাও উল্লেখ করেন।
তাঁর ভাষ্য অনুযায়ী, ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব অভিন্ন আত্মত্যাগের ইতিহাস, সাংস্কৃতিক সাদৃশ্য এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে।
সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে।
তিনি বলেন, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, যোগাযোগব্যবস্থা, যুব উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহ বিভিন্ন খাতে ভারত ও বাংলাদেশের সহযোগিতা ক্রমেই বাড়ছে।
এসব ক্ষেত্রে দুই দেশের যৌথ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার আগ্রহের কথাও জানান দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও ব্যক্তিগত সুখ কামনা করেন।
শুভেচ্ছা বার্তার শেষাংশে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্যও শুভকামনা জানান এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসআর