[email protected] সোমবার, ১৭ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩

UNCCD COP17

ভূমি-খরা নিয়ে উলানবাটরে বৈশ্বিক সম্মেলন

মোঃ আলী আকবর রনী

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৬ ৯:৪৮ পিএম

উলানবাটর, মঙ্গোলিয়া: মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে সোমবার (১৭ আগস্ট) শুরু হচ্ছে জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ কনভেনশনের (UNCCD) ১৭তম সম্মেলন—COP17। আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলবে এ সম্মেলন। এতে জাতিসংঘের কনভেনশনের ১৯৭টি পক্ষের প্রতিনিধি ছাড়াও আন্তর্জাতিক সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী, বিজ্ঞানী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন।

এবারের সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ভূমি পুনরুদ্ধার ও খরা মোকাবিলায় সক্ষমতা বাড়ানো। এর পাশাপাশি চারণভূমি ও পশুপালক জনগোষ্ঠী, টেকসই কৃষি, মাটি সংরক্ষণ, অর্থায়ন এবং বেসরকারি খাতের অংশগ্রহণ নিয়েও আলোচনা হবে।

আগামী দুই সপ্তাহের আলোচনায় সরকারগুলো এসব বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে। একই সঙ্গে ভূমি পুনরুদ্ধার ও খরা মোকাবিলায় বিনিয়োগ বাড়ানো এবং আন্তর্জাতিক পর্যায়ে নেওয়া সিদ্ধান্তগুলো মাঠপর্যায়ে কার্যকর করার বিষয়েও জোর দেওয়া হবে।

COP17-এর উদ্বোধনী দিনের কর্মসূচি শুরু হবে সকাল ৮টায়। ইন্টারন্যাশনাল ইয়ার অব রেঞ্জল্যান্ডস অ্যান্ড প্যাস্টোরালিস্টস (IYRP) ২০২৬ এবং ‘সিল্ক রোড ক্যারাভান’ প্রচারণার অংশ হিসেবে পশুপালক ও রাখালরা বিভিন্ন ঘোষণাপত্র নিয়ে বুলেভার্ড ধরে COP17-এর প্লেনারি হলের দিকে যাবেন।

সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত চলবে এ কর্মসূচি। এতে বৈশ্বিক, নারী ও যুব পশুপালকদের ঘোষণাপত্র বহন করা হবে।

কর্মসূচিতে মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী, UNCCD-এর নির্বাহী সচিব এবং মঙ্গোলিয়ার পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, খাদ্য, কৃষি ও হালকা শিল্প মন্ত্রণালয় এবং সংস্কৃতি, ক্রীড়া, পর্যটন ও যুব মন্ত্রণালয়ের মন্ত্রীরা অংশ নেবেন।

সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত প্লেনারি হলে অনুষ্ঠিত হবে COP17-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের সম্মেলনের কার্যক্রম।

অনুমোদিত ফটোগ্রাফার ও ক্যামেরা ক্রুরা নির্ধারিত স্থান থেকে উদ্বোধনী অনুষ্ঠানের ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। তবে প্লেনারি হলের ভেতরে সংবাদকর্মীদের চলাচল নিয়ন্ত্রিত থাকবে। UNCCD-এর মিডিয়া টিম ও নিরাপত্তাকর্মীদের নির্দেশনা মেনেই সাংবাদিকদের কাজ করতে হবে।

এরপর শুরু হবে গুরুত্বপূর্ণ প্লেনারি অধিবেশন। উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল ৯টা ৪০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে COP17-এর প্রথম প্লেনারি অধিবেশন।

এ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে COP17-এর অধিবেশন শুরু, COP17-এর প্রেসিডেন্ট নির্বাচন এবং নতুন প্রেসিডেন্টের বক্তব্য থাকবে। এ ছাড়া UNCCD-এর নির্বাহী সচিব ড. ইয়াসমিন ফুয়াদ বক্তব্য দেবেন। বিভিন্ন আঞ্চলিক ও স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও এ অধিবেশনে বক্তব্য দেবেন। ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারদের জন্য নির্ধারিত স্থান থেকে ছবি ও ভিডিও ধারণের ব্যবস্থা থাকবে। তবে প্লেনারি হলে চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

পেশাদার ক্যামেরা ব্যবহারকারী ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারদের সকাল ৮টা ৩৫ মিনিটের মধ্যে প্রেস কনফারেন্স রুমে যোগাযোগ করতে বলা হয়েছে। এরপর যোগাযোগ টিম তাদের নির্ধারিত এলাকায় নিয়ে যাবে। পরে মিডিয়া টিমের নির্দেশনা অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ মুহূর্ত ধারণের জন্য তাদের মঞ্চসংলগ্ন নির্ধারিত স্থানে নেওয়া হবে।

নিরাপত্তা এবং অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সাংবাদিকদের মিডিয়া ও নিরাপত্তা দলের নির্দেশনা মেনে চলতে হবে। নির্দেশনা অমান্য করলে প্লেনারি হলে প্রবেশের অনুমতিও বাতিল হতে পারে।

COP17-এর উদ্বোধনী দিনের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো উদ্বোধনী সংবাদ সম্মেলন। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা পর্যন্ত প্রেস কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে বক্তব্য দেবেন মঙ্গোলিয়ার পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী এবং COP17-এর জাতীয় আয়োজক কমিটির চেয়ারম্যান সানদাগ-ওচির সেংড; জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ কনভেনশনের নির্বাহী সচিব ড. ইয়াসমিন ফুয়াদ; মঙ্গোলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও UNCCD COP17-এর প্রেসিডেন্ট-ডিজাইনেট ব্যাটসেটসেগ বাতমুনখ এবং সৌদি আরবের পরিবেশবিষয়ক উপমন্ত্রী ও UNCCD COP16 প্রেসিডেন্সির উপদেষ্টা ড. ওসামা ফাকিহা।

সংবাদ সম্মেলনে COP17-এর অগ্রাধিকার ও প্রত্যাশা, সম্মেলন নিয়ে মঙ্গোলিয়ার পরিকল্পনা, COP16 থেকে COP17-এ নেতৃত্বের পরিবর্তন এবং আগামী দুই সপ্তাহে সরকারগুলোর আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে।

দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টা পর্যন্ত প্রেস কনফারেন্স রুমে নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ‘Civil Society Key Messages and Priorities for COP17’ শীর্ষক অনুষ্ঠান। জাতিসংঘের নাগরিক সমাজের প্রতিনিধিরা বিশ্বের পাঁচটি অঞ্চল থেকে COP17 নিয়ে নিজেদের অগ্রাধিকার ও গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরবেন।

এতে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে Marioldy Sanchez Santivañez, আফ্রিকা থেকে Ellen Otaru-Okoedion, এশিয়া থেকে Amiya Prapan Chakra Borty, পশ্চিম ইউরোপ থেকে Andy Morris এবং মধ্য ও পূর্ব ইউরোপ থেকে Sopiko Babalashvili অংশ নেবেন।

দ্বিতীয় সপ্তাহে চারটি বিশেষ দিন: 

COP17-এর দ্বিতীয় সপ্তাহে চারটি বিশেষ থিমভিত্তিক দিন রাখা হয়েছে। এসব দিনে সম্মেলনের আলোচনার সঙ্গে উচ্চপর্যায়ের সংলাপ ও বাস্তব উদ্যোগকে যুক্ত করা হবে।

২৪ আগস্ট—অর্থায়ন দিবস: ভূমি পুনরুদ্ধার ও খরা মোকাবিলায় সরকারি ও বেসরকারি বিনিয়োগ কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হবে।

২৫ আগস্ট—পানি দিবস: খরা মোকাবিলায় সক্ষমতা বাড়ানো এবং ভূমি ও পানির পারস্পরিক সম্পর্ক নিয়ে গুরুত্ব দেওয়া হবে।

২৬ আগস্ট—ভূমি ও মানুষ দিবস: পশুপালক, আদিবাসী জনগোষ্ঠী, স্থানীয় সম্প্রদায়, নারী ও যুবকদের ভূমি পুনরুদ্ধার এবং টেকসই ভূমি ব্যবস্থাপনায় ভূমিকা তুলে ধরা হবে।

২৭ আগস্ট—খাদ্যব্যবস্থা ও মাটির স্বাস্থ্য দিবস: সুস্থ মাটি ও টেকসই খাদ্যব্যবস্থার মাধ্যমে খাদ্যনিরাপত্তা এবং মানুষের জীবিকার সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে।

প্রকাশিত হবে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিবেদন: সম্মেলন চলাকালে ভূমি, চারণভূমি, খরা ও মাটির স্বাস্থ্য নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হবে।

২৪ আগস্ট প্রকাশিত হবে The Economics of Rangelands Restoration।

২৫ আগস্ট প্রকাশিত হবে The Drying Planet: Drought in Numbers 2026।

২৬ আগস্ট প্রকাশিত হবে Global Land Outlook for Small Island Developing States এবং Global Land Outlook Central Asia Thematic Report।

২৭ আগস্ট প্রকাশিত হবে Soil Health: The Business Case for Investing in Our Foundation।

সাংবাদিকদের জন্য থাকবে নির্ধারিত প্রবেশাধিকার। COP17-এর স্বীকৃত সাংবাদিকরা বৈধ সম্মেলন ব্যাজ ব্যবহার করে উন্মুক্ত অধিবেশন ও বিভিন্ন মিডিয়া কর্মসূচিতে অংশ নিতে পারবেন। ফটোগ্রাফার ও ক্যামেরা ক্রুরা উদ্বোধনী অনুষ্ঠান ও প্লেনারিসহ নির্ধারিত সরকারি কর্মসূচি কাভার করতে পারবেন। তবে নিরাপত্তা এবং সম্মেলনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিভিন্ন সভাকক্ষে সাংবাদিকদের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

মিডিয়া প্রতিনিধিদের নির্ধারিত এলাকায় অবস্থান এবং UNCCD-এর মিডিয়া টিম ও সম্মেলনের নিরাপত্তাকর্মীদের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। সোমবার ১৭ আগস্ট সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত রেজিস্ট্রেশন ডেস্ক খোলা থাকবে। 

উলানবাটরের COP17-এ আগামী দুই সপ্তাহে মূলত ভূমি অবক্ষয় রোধ এবং ক্ষতিগ্রস্ত ভূমি পুনরুদ্ধারের পাশাপাশি খরার বাড়তে থাকা ঝুঁকি মোকাবিলার উপায় নিয়ে আলোচনা হবে। এর সঙ্গে অর্থায়ন, কৃষি, মাটির স্বাস্থ্য, পানি, চারণভূমি, পশুপালক জনগোষ্ঠী, নারী ও যুবকদের অংশগ্রহণ এবং বেসরকারি খাতকে যুক্ত করার বিষয়ও আলোচনায় গুরুত্ব পাবে।

বিশেষ করে ভূমি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় অর্থ কোথা থেকে আসবে এবং নেওয়া সিদ্ধান্তগুলো কীভাবে বাস্তবে কার্যকর করা হবে—এ দুটি বিষয় সম্মেলনের আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত এবারের COP17 তাই শুধু মরুকরণ বা ভূমি অবক্ষয় নিয়ে আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। ভূমি, পানি, খাদ্যনিরাপত্তা, মানুষের জীবিকা এবং খরা মোকাবিলায় বিশ্বের ভবিষ্যৎ করণীয় ঠিক করার ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক সম্মেলন।

 

এসআর

সম্পর্কিত খবর