ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায়
অন্তত পাঁচজন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসের তথ্যমতে, বৃহস্পতিবারের এই হামলায় বহুতল আবাসিক ভবন ও গুদাম লক্ষ্যবস্তু করা হয়। ধ্বংসস্তূপে এখনো কেউ আটকে আছেন কি না, তা নিয়ে উদ্ধারকাজ চলছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, হামলায় একটি শিশু হাসপাতাল ও শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সোলোমিয়ানস্কি জেলার একটি শিল্প এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কিয়েভ অঞ্চলের ব্রোভারিস্কি জেলায় একজন নিহত ও একজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন গভর্নর তিমুর তাকাচেঙ্কো।
হামলার জেরে রাতভর হাজার হাজার বাড়িঘর ও স্থাপনা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে এবং দ্রুত মেরামতে কাজ শুরু করেছেন প্রকৌশলীরা। সাম্প্রতিক সময়ে কিয়েভে প্রায় প্রতি রাতেই রুশ হামলা অব্যাহত রয়েছে। পাল্টা ব্যবস্থা হিসেবে ইউক্রেনও রাশিয়ার বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, যেখানে চলতি সপ্তাহে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় রাশিয়ার ওপর যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় বসার চাপ ক্রমশ বাড়ছে।
এসআর