রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের
সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস। সোমবার (১৭ আগস্ট) রাতে প্রকাশিত এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও এতে প্রকাশিত পোস্ট, মন্তব্য, ছবি বা ভিডিও অনেক সময় আইনি ও সামাজিক জটিলতা তৈরি করতে পারে। বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে কনটেন্ট শেয়ার করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের তাগিদ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানায়, যেকোনো তথ্য শেয়ার করার আগে তা ভালোভাবে যাচাই করা উচিত। স্থানীয় দেশের আইন পরিপন্থি, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক, আপত্তিকর কিংবা সহিংসতা ও উগ্রবাদকে সমর্থন করে—এমন বিষয় থেকে সম্পূর্ণ বিরত থাকা আবশ্যক। প্রবাসীদের স্ব-স্ব দেশের আইন, বিধিবিধান, সামাজিক মূল্যবোধ ও সংবেদনশীলতার প্রতি সম্মান দেখিয়ে নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার ব্যক্তি নিজকে যেমন অনাকাঙ্ক্ষিত আইনি ঝামেলা থেকে সুরক্ষিত রাখবে, তেমনি বিদেশে বাংলাদেশের মর্যাদা ও ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতে সাহায্য করবে। তাই রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় অবস্থানরত সকল বাংলাদেশিকে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং সংযত ও আইনসম্মতভাবে সামাজিক মাধ্যম ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
এসআর