যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে সহায়তা করা শিপিং কোম্পানি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে
কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম নুরনিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে সহায়তা করা বাণিজ্যিক ও সামুদ্রিক নেটওয়ার্কগুলো তেহরান ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো কোম্পানি, জাহাজের মালিক বা সেবাদাতা প্রতিষ্ঠান জেনেশুনে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক তৎপরতায় সহায়তা করলে তাদের বিরুদ্ধে আইনি, অর্থনৈতিক এবং পাল্টা নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন সেনাদের জন্য জ্বালানি, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম ও খাবারসহ প্রয়োজনীয় পণ্য পরিবহণকে সাধারণ বাণিজ্যিক কর্মকাণ্ড না ভেবে সরাসরি যুদ্ধের সহায়তা হিসেবে বিবেচনা করবে ইরান।
ইরানের নজরদারিতে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মারস্ক, স্কাইলার লাইন নেভিগেশন, ক্রাউলি গভর্নমেন্ট সার্ভিসেস, ওভারসিজ শিপহোল্ডিং গ্রুপ, সিবাল্ক ট্যাংকার্স এবং প্যাট্রিয়ট কনট্রাক্ট সার্ভিসেস-এর নাম উল্লেখ করা হয়েছে। সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেন, সামরিক অভিযানের প্রকৃতি জেনেও যারা এসব কাজে সরবরাহ অবকাঠামো দিয়ে সহায়তা করবে, তাদের ভূমিকা ইরানের নজর এড়াবে না।
এসআর