[email protected] মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরানোর বিষয়ে মিয়ানমারের সম্মতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৬ ৬:৪২ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৮ হাজার ৯৭৫ রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার।

রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে যাচাইকৃত এসব রোহিঙ্গাকে দেশে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।


মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন বাস্তুচ্যুত মানুষকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ও স্থিতিশীলতা ফিরলে তাদের প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হবে।


রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে মিয়ানমারের এই স্বীকৃতিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এর আগে বাংলাদেশ ও মিয়ানমার কয়েক দফা প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকারসংক্রান্ত উদ্বেগের কারণে তা বাস্তবে বড় আকারে শুরু করা সম্ভব হয়নি।


বর্তমানে রাখাইনের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে মিয়ানমারের সামরিক বাহিনী ও ওই অঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণকারী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সংঘাতের কারণে।


মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বৈষম্য ও নিপীড়নের মুখে রয়েছে। বিশেষ করে ২০১৭ সালে দেশটির সেনাবাহিনীর অভিযানের পর বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে বাংলাদেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তাদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও পাড়ি জমিয়েছে।


রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশ বরাবরই নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে। একই সঙ্গে রোহিঙ্গাদের পক্ষ থেকেও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা এবং মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর