[email protected] শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৬ ৮:২২ এএম

সংগৃহীত ছবি

বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

 শনিবার স্থানীয় সময় ভোর ৫টা ৫৮ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।

​যুক্তরাষ্ট্রের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্যমতে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির পূর্বাঞ্চলীয় পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এন্দে শহর থেকে ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে, সাগরের তলদেশের মাত্র ১০ কিলোমিটার গভীরে। মূল ভূমিকম্পের পর বেশ কয়েকটি 'আফটার শক' বা অনুকম্পনও রেকর্ড করা হয়েছে।

​এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও পূর্ব ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরে বেশ কিছু ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পরপরই স্থানীয় অধিবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

​ভূমিকম্পের তীব্রতার কারণে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা দেশটির পূর্বাঞ্চলজুড়ে সুনামির সতর্কবার্তা দিয়েছে। ইতোমধ্যে পূর্ব নুসা তেঙ্গারা, পশ্চিম নুসা তেঙ্গারা, দক্ষিণ সুলাওয়েসি এবং দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি—এই চার প্রদেশে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

​উল্লেখ্য, প্রায় ১,৭০০ দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া ভৌগোলিকভাবে প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় মেখলা অঞ্চলে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে।

এসআর

সম্পর্কিত খবর