ভারত থেকে আমদানিকৃত চালের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে সম্পূর্ণ চালান ফেরত পাঠানোর
ঘটনায় দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সম্প্রতি বাংলাদেশ ভারত থেকে আনা প্রায় ১১ হাজার ৫০০ মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চাল মানসম্মত না হওয়ায় গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে।
নিয়ম অনুযায়ী চালের চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর প্রাথমিক পরীক্ষায় খাওয়ার উপযোগী হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে বিস্তারিত পরীক্ষায় দেখা যায়, চালের মান নির্ধারিত মানদণ্ডের চেয়ে অনেক নিচে রয়েছে। ফলশ্রুতিতে চালানের প্রায় ৩ হাজার ৫০০ মেট্রিক টন খালাস করার পরপরই বাকি অংশ নিয়ে বিতর্ক তৈরি হয় এবং পরবর্তীতে পুরো চালানটিই ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক একটি টেন্ডারের মাধ্যমে বহুজাতিক কোম্পানির স্টক থেকে ভারতীয় রপ্তানিকারকদের মাধ্যমে এই চাল বাংলাদেশে সরবরাহ করা হয়েছিল। বাণিজ্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ প্রক্রিয়াগত জটিলতা বা সিদ্ধান্তহীনতার কারণেও এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে, যা ভবিষ্যতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করেছে।
এসআর