জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু অঞ্চলের কাছে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমামোতো প্রিফেকচারের উপকূলসংলগ্ন সমুদ্র এলাকায়। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল শনাক্ত করা হয়েছে।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের তথ্য অনুযায়ী, কিছু উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ১ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভূমিকম্পের পরপরই প্রধানমন্ত্রী কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য দ্রুত সংগ্রহ, প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
কুমামোতো ছাড়াও নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি প্রিফেকচারেও জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ জুন জাপানের উত্তরাঞ্চলেও ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। তবে সে ঘটনায় বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। ২০১১ সালের ৯ দশমিক ০ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হন। সেই দুর্যোগে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেও বড় ধরনের বিপর্যয় দেখা দেয়।
সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম
এসআর