রাশিয়ার জ্বালানি তেলের আয় বন্ধ এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা বৃদ্ধির লক্ষ্যে মার্কিন সিনেটে
পাস হয়েছে বহুল আলোচিত একটি দ্বিদলীয় বিল। সম্প্রতি প্রয়াত প্রবীণ সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ও তাঁর নামানুসারে তৈরিকৃত বিলটি ৮৬–১২ ভোটের বিশাল ব্যবধানে অনুমোদন পায়। রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের যৌথ সমর্থনে পাস হওয়া এই বিলটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সরাসরি সমর্থন রয়েছে।
নতুন এই আইনের আওতায় রাশিয়া থেকে তেল ও গ্যাস ক্রয়কারী শীর্ষ পাঁচ দেশ—বিশেষ করে চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। এ ছাড়া রাশিয়ার সরকারি কর্মকর্তা, প্রভাবশালী ব্যবসায়ী, আর্থিক প্রতিষ্ঠান এবং তেলের গোপন জাহাজগুলোর (‘শ্যাডো ফ্লীট’) ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিধান রাখা হয়েছে। পাশাপাশি বিলে ইরানের জ্বালানি ও অস্ত্র খাতে অর্থায়ন বন্ধের পুরোনো নিষেধাজ্ঞাগুলোর মেয়াদও বাড়ানো হয়েছে।
তবে যেসকল দেশ রাশিয়া থেকে ১৫ শতাংশের কম গ্যাস আমদানি করে এবং নির্ভরতা কমিয়ে আনছে, তাদের ক্ষেত্রে বিলে কিছু ছাড়ের সুযোগ রাখা হয়েছে। ইউক্রেন যুদ্ধের অর্থায়ন বন্ধে মস্কোর জ্বালানি খাতের রাজস্ব আটকানো জরুরি বলেই মনে করছেন বিলের সমর্থকরা। অন্যদিকে, অতিরিক্ত শুল্ক আরোপের এই ক্ষমতা আমেরিকান ভোক্তাদের খরচ বাড়াতে পারে কিংবা ইউরোপীয় মিত্রদের ক্ষতিগ্রস্ত করতে পারে বলে কিছু ডেমোক্র্যাট সদস্য উদ্বেগ প্রকাশ করেছেন।
চূড়ান্ত অনুমোদনের জন্য বিলটি এখন প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) পাঠানো হবে। তবে প্রতিনিধি পরিষদ বর্তমানে গ্রীষ্মকালীন ছুটিতে থাকায় আগামী সেপ্টেম্বরের আগে এটি পাসের চূড়ান্ত সম্ভাবনা কম।
এসআর