ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও জোরালো অবস্থান নিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
তিনি বলেছেন, বর্তমান সরকারের বিদায়ের সময় এসে গেছে।
শনিবার (২৫ জুলাই) নয়াদিল্লিতে নিজের বাসভবনে আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রাহুল গান্ধী শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা করেন।
তিনি বলেন, গণতন্ত্র, সংবিধান ও নিজেদের ভবিষ্যৎ রক্ষার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দেশের জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগকে শিক্ষাব্যবস্থার সংস্কারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
তবে রাহুল গান্ধীর দাবি, শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগে সংকটের সমাধান হবে না। তার মতে, পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা বা সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, কৃষক, শ্রমিক, দরিদ্রসহ সমাজের সব বঞ্চিত মানুষের উচিত সাংবিধানিক উপায়ে নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকা। ভয়ভীতি উপেক্ষা করে জনগণকে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বানও জানান বিরোধী এই নেতা।
এর আগে সরকারি বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলনের মুখে শনিবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোষণা আসে।
নিজের বিবৃতিতে ধর্মেন্দ্র প্রধান বলেন, শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং চলমান পরিস্থিতির অপব্যবহার ঠেকানোর লক্ষ্যেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আন্দোলনকারীদের পক্ষ থেকেও প্রতিক্রিয়া জানানো হয়েছে।
আন্দোলনের নেতৃত্বদানকারী একটি সংগঠনের প্রতিনিধিরা এ ঘটনাকে শিক্ষার্থীদের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এসআর