[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের বাধা নেই: এফসিসি সভাপতি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩ আগষ্ট ২০২৬ ২:২৯ পিএম

সংগৃহীত ছবি

ভারতের রাজধানী নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) আগামী ৫ আগস্ট একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করেছে, যেখানে অডিও সংযোগের মাধ্যমে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ জানান, শেখ হাসিনা সরাসরি উপস্থিত থাকবেন না; তিনি কেবল অডিওর মাধ্যমে যুক্ত হবেন।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, সংবাদ সম্মেলনে তিনি দেশে ফেরার পরিকল্পনা ও ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে বক্তব্য দিতে পারেন।

ড. আউয়াদ বলেন, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের তথ্য জানার সুযোগ নিশ্চিত করার নীতির অংশ হিসেবেই তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

তিনি আরও দাবি করেন, এ আয়োজন নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি বা বাধা দেওয়া হয়নি।

তার বক্তব্য অনুযায়ী, চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে বাংলাদেশ হাইকমিশনারকে একাধিকবার এফসিসিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আমন্ত্রণ জানানো হলেও তিনি তাতে সাড়া দেননি।

ক্লাবটি বিভিন্ন রাজনৈতিক বিষয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেই তাদের কার্যক্রম পরিচালনা করছে বলেও তিনি উল্লেখ করেন।

ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এতে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা ভার্চুয়ালি প্রশ্ন করার সুযোগ পাবেন।

আয়োজকদের প্রকাশিত তালিকা অনুযায়ী, শেখ হাসিনার পাশাপাশি সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক, বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং শাহ মো. বখতিয়ারও আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলে আওয়ামী লীগের একাধিক নেতার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে এবং দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে ও দৈনিক ওয়াদা।

এসআর

সম্পর্কিত খবর