মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতার ফলে যুদ্ধের আশঙ্কা কিছুটা হ্রাস পাওয়ায় বিশ্ববাজারে
জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। সোমবার (৩ আগস্ট) এশিয়ার বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪.৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮০.৮৯ ডলারে নেমে আসে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ৪.৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৪.১০ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন যে, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে ইরানের ওপর প্রস্তাবিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, একটি সম্ভাব্য চুক্তির সমঝোতা হয়েছে, যার মধ্যে হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচির সমাধানের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ সমুদ্রপথ হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থিরতার জেরে বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম বেশ ওঠানামা করছিল। নতুন হামলার আশঙ্কা কেটে যাওয়ায় বাজার ও বিনিয়োগকারীদের মধ্যে সাময়িক স্বস্তি ফিরে এসেছে।
তবে মার্কিন প্রেসিডেন্টের এ ঘোষণার বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে ইরান। দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী সৈয়দ মজিদ ইবনে আল-রেজা জানান, যুক্তরাষ্ট্রের কোনো হুমকিকে তারা হালকাভাবে নিচ্ছেন না এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।
এসআর