ইরানের ভবিষ্যৎ কোনো বাইরের শক্তি নয়, বরং দেশটির জনগণই নির্ধারণ করবেন বলে মন্তব্য
করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র সংঘাত ও চাপের মুখে চরম ধৈর্য এবং দৃঢ়তার পরিচয় দেওয়ায় তিনি নিজ দেশের জনগণকে ‘বীর’ হিসেবে আখ্যায়িত করেছেন।
শনিবার (১ আগস্ট) সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান এসব কথা বলেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, একের পর এক চাপ, যুদ্ধ এবং ধারাবাহিক বৈরিতার মধ্যেও দেশের জনগণ কখনোই পিছু হঠেনি, বরং অত্যন্ত দৃঢ়তার সাথে ইরানকে সমর্থন দিয়ে গেছে।
চলমান সংঘাতের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ২০২৪ সালের ৩১ জুলাই তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করার মাধ্যমে এই সংঘাতের সূচনা হয়। পেজেশকিয়ানের নিজের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সে সময় তেহরানে অবস্থান করছিলেন হানিয়া।
ইরানি প্রেসিডেন্ট জানান, সেই মর্মান্তিক ঘটনার পর থেকে ইরানকে নানা ধরনের যুদ্ধ, বৈরী পরিবেশ ও অবিরাম চাপের মুখোমুখি হতে হয়েছে। তবে এতসব প্রতিকূলতার মধ্যেও জনগণ বীরের মতো দেশের পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছে।
পরিশেষে তিনি দৃঢ় কণ্ঠে পুনর্ব্যক্ত করেন, ‘ইরানের ভবিষ্যৎ কেবল ইরানের জনগণই গড়ে তুলবেন।’
এসআর