ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইনস্টাগ্রামে পোস্ট করা একটি 'রিল' ভিডিও বিশ্বরেকর্ড
গড়েছে। ভারতে ছড়িয়ে পড়া অভূতপূর্ব শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষাপটে তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি ভিডিওটি পোস্ট করেছিলেন। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৩০০ মিলিয়নেরও বেশি (৩০ কোটির বেশি) ভিউ পেয়ে এটি ইনস্টাগ্রামের একক ভিডিওর সর্বোচ্চ ভিউয়ের পূর্ববর্তী রেকর্ড ভেঙে দিয়েছে।
সংবাদসূত্রে জানা যায়, সদ্য সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তরুণদের আন্দোলন যখন তীব্র আকার ধারণ করে, তখন জেন-জি (Gen-Z) প্রজন্মের প্রিয় শর্ট-ভিডিও ফরম্যাট বেছে নিয়ে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) ও শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে ৭৫ বছর বয়সি এই বিশ্বনেতা সেলফি-স্টাইলে দুটি ভিডিও শুট করেন। এর আগে এই রিলস রেকর্ডটি ছিল জনপ্রিয় ইউটিউবার ‘আইশোস্পিড’-এর দখলে, যা তিনি চলতি মাসের শুরুতে বিশ্বকাপ ফাইনালের পর কে-পপ ব্যান্ড 'বিটিএস'-এর সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় তৈরি করেছিলেন।
এই আন্দোলনের নেপথ্যে রয়েছে ভারতে গত ৩ মে অনুষ্ঠিত নিট (NEET) মেডিকেল প্রবেশিকা পরীক্ষা। প্রশ্নফাঁসের প্রমাণ মেলায় ১২ মে পরীক্ষাটি বাতিল করা হয়। পরবর্তীতে ১৬ মে আন্দোলনকারী ছাত্রনেতা অভিজিৎ দীপ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) গঠন করেন। মূলত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এক শুনানির সময় বেকার তরুণদের নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করার পর এই ব্যঙ্গাত্মক নামটি বেছে নেওয়া হয়েছিল। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই সিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ২ কোটি অনুসারী যুক্ত করে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশব্যাপী গণপদযাত্রার ডাক দেয়।
শিক্ষার্থী ও বিরোধী দলগুলোর তীব্র চাপের মুখে শনিবার (২৫ জুলাই) দুপুরের দিকে পদত্যাগ করেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ১০০ মিলিয়নেরও বেশি অনুসারী থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদির এভাবে অনানুষ্ঠানিক রিল ভিডিও পোস্ট করার ঘটনা বেশ বিরল। রাজনৈতিক বিশ্লেষক ও মোদির জীবনীকার নিলঞ্জন মুখোপাধ্যায় জানান, শিক্ষার্থী আন্দোলনের চাপের মুখেই প্রধানমন্ত্রীকে এই নতুন কৌশল গ্রহণ করতে দেখা গেছে। এই রেকর্ডসংখ্যক ভিউ ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমের বিশাল প্রভাবেরই প্রমাণ দেয়।
এসআর