[email protected] বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

গাজায় হামাসসহ সব সশস্ত্র গোষ্ঠী নিরস্ত্রীকরণে চুক্তির দাবি ট্রাম্পের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬ ৮:৩৯ এএম

সংগৃহীত ছবি

গাজা উপত্যকায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়ে একটি

 চুক্তি হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়া চলাকালীন ইসরাইলি সেনারা পর্যায়ক্রমে গাজা থেকে সরে যাবে।

​বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যালে' দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, "আজ 'বোর্ড অব পিস' গাজায় হামাস এবং অন্যান্য সব সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে। এটি দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।" তবে ট্রাম্পের এই ঘোষণার পর এখন পর্যন্ত হামাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে মন্তব্য জানতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন হামাসের সঙ্গে যোগাযোগ করেছে।

​বোর্ড অব পিসের এক কর্মকর্তার তথ্যমতে, চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী পর্যায়ক্রমে তাদের অস্ত্র কমিটির কাছে হস্তান্তর করবে। প্রক্রিয়াটিতে প্রথমে পুলিশের ব্যবহৃত অস্ত্র এবং পরবর্তীতে ব্যক্তিগত অস্ত্র জমা নেওয়া হবে।

​ওই কর্মকর্তা জানান, হামাসকে নিরস্ত্র করা ট্রাম্পের গাজা যুদ্ধ অবসানের বহুধাপ বিশিষ্ট শান্তি পরিকল্পনা বাস্তবায়নের অন্যতম প্রধান শর্ত। একই সাথে এটি গাজায় একটি প্রযুক্তিনির্ভর (টেকনোক্র্যাট) অন্তর্বর্তী সরকার গঠনের পথ উন্মুক্ত করবে।

​তিনি আরও উল্লেখ করেন, মধ্যস্থতাকারীরা দীর্ঘদিন ধরে হামাসের সঙ্গে এই পরিকল্পনা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে হামাস শেষ পর্যন্ত চুক্তির সব শর্ত মানবে কিনা তা নিয়ে এখনো সংশয় রয়ে গেছে। এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে এবং সংগৃহীত অস্ত্র হস্তান্তর করা হলে অন্তর্বর্তী কর্তৃপক্ষ গাজার দায়িত্ব নেবে এবং হামাস সরকার ও প্রশাসন থেকে সরে দাঁড়াবে, যা ফিলিস্তিনি জনগণের জন্য একটি নতুন রাজনৈতিক সমাধানের পথ তৈরি করতে পারে।

এসআর

সম্পর্কিত খবর