সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুকের দীর্ঘ ২৬ দিনের আমরণ অনশন সমাপ্ত হলেও
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নতুন দিল্লির যন্তর-মন্তরের মূল মঞ্চ থেকে এই ঘোষণা দেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম 'হিন্দুস্তান টাইমস'।
সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে সিজেপির নেতারা আন্দোলনে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং আন্দোলন পূর্বের মতোই সক্রিয় থাকবে বলে আশ্বস্ত করেন।
অভিজিৎ দীপকে তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “নিজের জীবনকে বিপন্ন করে সোনম স্যার পুরো দেশকে সচেতন করেছেন। তাঁর এই ত্যাগের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। তবে তাঁর অনশন ভঙ্গ হলেও যন্তর-মন্তরের এই গণআন্দোলন থেমে থাকবে না।”
তিনি আরও বলেন, “এটি এখন আর কেবল একক কোনো ব্যক্তির বা নির্দিষ্ট একটি দলের কর্মসূচি নয়; এটি এখন পুরো দেশের তরুণ সমাজের আন্দোলনে রূপ নিয়েছে। আমরা এখনও আমাদের পূর্বঘোষিত দাবিতে অনড়—কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে।”
এর আগে কেন্দ্রীয় ভারত সরকারের পক্ষ থেকে তিনটি নির্দিষ্ট আশ্বাস পাওয়ার পর সোনম ওয়াংচুক তাঁর ২৬ দিনব্যাপী অনশন ভাঙার সিদ্ধান্ত নেন। গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সরকারের প্রতিনিধি ও লাদাখের শীর্ষ নেতৃত্বদের উপস্থিতিতে তিনি অনশন ভঙ্গ করেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক বার্তায় ওয়াংচুক জানান, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, ড. জিতেন্দ্র সিং এবং 'অ্যাপেক্স বডি অব লেহ-লাদাখ'-এর প্রতিনিধি দলের উপস্থিতিতে তিনি অনশন প্রত্যাহার করেছেন। দীর্ঘ আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে যেকোনো ধরনের সম্ভাব্য সহিংসতা এড়াতে এবং শান্তি বজায় রাখার স্বার্থেই তিনি অনশন সমাপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
এসআর