[email protected] মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩

কোম শহরে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ, জানাজা শেষে বিশাল শোক র‍্যালির প্রস্তুতি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই ২০২৬ ৮:২৯ এএম

সংগৃহীত ছবি

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ আজ দেশটির পবিত্র

 কোম শহরে নেওয়া হবে। সেখানে তাঁর জানাজার নামাজ সম্পন্ন হওয়ার পর একটি বিশাল শোক র‍্যালির আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​কোম শহরের গভর্নর জেনারেল আকবর বেহনামজু জানিয়েছেন, মরহুম এই নেতার জানাজার নামাজ মঙ্গলবার সকাল ৬টায় পবিত্র জামকারান মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই জানাজায় রেকর্ডসংখ্যক মানুষের সমাগম হবে বলে আশা করছে স্থানীয় প্রশাসন।

তিনি আরও জানান, কোম শহরে জানাজা ও শোক র‍্যালির সব ধরনের আনুষ্ঠানিকতা ও প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। জানাজা শেষে বিশাল শোক র‍্যালিটি পায়াম্বার-এ আজম বুলেভার্ড থেকে শুরু হয়ে হযরত মাসুমেহ (আ.)-এর মাজারের দিকে অগ্রসর হবে।

​এর আগে, গত সোমবার স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে একটি শোক র‍্যালির আয়োজন করা হয়েছিল। সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ এই কমপ্লেক্সে দুই দিন রাখা হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশাল শোক র‍্যালিটি সম্পন্ন হতে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে।

র‍্যালিটি দামাভান্দ স্ট্রিট, ইমাম হুসেন স্কয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার এবং মেহরাবাদ বিমানবন্দরের কাছে অবস্থিত শহীদ লাশগরি হাইওয়ে হয়ে প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করবে।

​গত রোববার ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানীর ইমামতিতে একটি জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় আয়াতুল্লাহ আলি খামেনির পাশাপাশি তাঁর জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনির কফিনেও শেষ শ্রদ্ধা জানানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান ও তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তারা খামেনির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধিদল তেহরানে এসে পৌঁছেছেন।

​পবিত্র কোম শহরে মঙ্গলবারের জানাজা শেষে, আগামীকাল বুধবার মরদেহ ইরাকের নাজাফে অবস্থিত ইমাম আলীর মাজার এবং কারবালার ইমাম হুসাইন (রা.) ও হযরত আব্বাসের মাজারে নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে খামেনির শেষ ইচ্ছা অনুযায়ী, আগামী ৯ জুলাই মাশহাদে অবস্থিত ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাঁকে দাফন করা হবে।

এসআর

সম্পর্কিত খবর