[email protected] বুধবার, ১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩

চার মাস পর খামেনির রাষ্ট্রীয় জানাজা, লাখো মানুষের উপস্থিতির প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১ জুলাই ২০২৬ ১:৪২ পিএম

সংগৃহীত ছবি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রায় চার মাস পর শুরু হচ্ছে তার রাষ্ট্রীয় জানাজার আনুষ্ঠানিকতা।

৪ জুলাই থেকে ছয় দিনব্যাপী এই কর্মসূচি ইরান ও ইরাকের একাধিক শহরে অনুষ্ঠিত হবে।

দেশটির কর্মকর্তাদের দাবি, এতে অংশ নেবে কোটি কোটি মানুষ, যা ইরানের ইতিহাসের অন্যতম বৃহৎ শোকসমাবেশে পরিণত হতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি খামেনির মৃত্যুর পর আঞ্চলিক সংঘাত, নিরাপত্তা পরিস্থিতি এবং কূটনৈতিক প্রেক্ষাপটের কারণে দাফন ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা পিছিয়ে যায়।

বর্তমান পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল হওয়ায় এখন এ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী এবং নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার মধ্যেই কঠোর নিরাপত্তা ব্যবস্থায় পুরো অনুষ্ঠান সম্পন্ন করা হবে।

নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জানাজায় উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

১৯৩৯ সালে মাশহাদে জন্ম নেওয়া আলী খামেনি ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন।

পরে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তে তিনি দেশের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন।

টানা ৩৭ বছর এই দায়িত্ব পালন করে তিনি ইরানের ইতিহাসে দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা নেতাদের একজন হিসেবে পরিচিতি পান।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, ৪ ও ৫ জুলাই তেহরানের মোসাল্লা প্রাঙ্গণে প্রধান জানাজার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

এরপর ইমাম হোসেন স্কয়ার থেকে আজাদি স্কয়ার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে শোকমিছিল বের হবে।

তেহরান সিটি কর্তৃপক্ষের ধারণা, এতে প্রায় ২ কোটি মানুষ অংশ নিতে পারে।

পরবর্তী ধাপে ৭ জুলাই মরদেহ নেওয়া হবে কোম শহরে, যা শিয়া ধর্মীয় শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র।

এরপর ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি শেষে ৯ জুলাই মাশহাদে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ওই অনুষ্ঠানেও প্রায় ১ কোটি মানুষের উপস্থিতি হতে পারে বলে আশা করছে কর্তৃপক্ষ।

জানাজার সার্বিক ব্যবস্থাপনা ও লজিস্টিক সহায়তায় কাজ করছে বাসিজ বাহিনী, আর নিরাপত্তার দায়িত্ব পালন করবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

 

এসআর

সম্পর্কিত খবর