চলমান ফুটবল বিশ্বকাপের তুমুল ব্যস্ততার মাঝেও ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ
ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় মানবিক বার্তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
গত ২৬ জুন ভেনেজুয়েলায় অল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার প্রথমটির মাত্রা ছিল ৭.২ এবং এর মাত্র ৪০ সেকেন্ড পর ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয়। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
ভেনেজুয়েলার এই চরম বিপর্যয়ের দিনে দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বলেন, "ভেনেজুয়েলার সব মানুষের প্রতি আমি অনেক ভালোবাসা পাঠাতে চাই। আমরা জানি, তারা এখন কত ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা তাদের পাশে আছি এবং তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সমর্থন জানাতে চাই।"
নিখোঁজ স্বজনদের নিয়ে অনিশ্চয়তায় থাকা মানুষদের প্রতি সহমর্মিতা জানিয়ে আর্জেন্টাইন এই তারকা আরও বলেন, "যারা অনেক কষ্টে আছে, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছে না এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তাদের প্রত্যেকের প্রতি আমার সমর্থন রইল। এখান থেকে ভেনেজুয়েলার সব মানুষের জন্য অনেক শক্তি ও ভালোবাসা রইল।"
এদিকে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোও এই সংকটে এক অনন্য মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন। ভূমিকম্পে সবকিছু হারানো ভেনেজুয়েলার এক শিশুকে নিজের একটি ম্যাচ সরাসরি গ্যালারিতে বসে দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ব্যক্তিগত ভিডিও বার্তায় রোনালদো শিশুটিকে উদ্দেশ করে বলেন, "আমি চাই তুমি আমার একটি ম্যাচ দেখতে আসো!"
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ফুটবল বিশ্বের এই দুই জীবন্ত কিংবদন্তির এমন সংবেদনশীল ও মানবিক আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বস্তরের মানুষের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
এসআর