ভেনেজুয়েলায় আঘাত হানা এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্রাণহানির
সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে শ্লথগতির কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।
দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ গত শুক্রবার (২৬ জুন) এই নতুন মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। এর আগে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ প্রায় তিন হাজার মানুষ আহত হওয়ার তথ্য জানান। তিনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঞ্চল পরিদর্শন করেছেন এবং আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলোর পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ধ্বংসস্তূপের পরিস্থিতি বিবেচনা করে বিশেষজ্ঞরা মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন।
গত বুধবার রাতে মাত্র এক মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়, যার মধ্যে দ্বিতীয়টি ১৯০০ সালের পর ভেনেজুয়েলার ইতিহাসে তীব্রতম। ভূ-বিজ্ঞানীদের মতে, দেশটির উপকূলীয় অঞ্চলের 'সান সেবাস্তিয়ান ফল্ট'-এ ফাটল ধরার কারণে এই দুর্যোগের সৃষ্টি হয়েছে।
বর্তমানে জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্পেন, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং মেক্সিকোসহ ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন দেশের বিশেষায়িত উদ্ধারকারী দল এবং মানবিক সহায়তা ভেনেজুয়েলায় পৌঁছে উদ্ধার অভিযান জোরদার করেছে।
এসআর