সুইজারল্যান্ডে মার্কিন ও ইরানি উচ্চপর্যায়ের কর্মকর্তাদের প্রথম দফার বৈঠক শেষ হয়েছে। মূলত গত সপ্তাহে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের
ভিত্তিতে এপ্রিল থেকে কার্যকর থাকা নাজুক যুদ্ধবিরতি আরও অন্তত ৬০ দিন বাড়ানোর লক্ষ্যেই এই আলোচনা শুরু হয়েছিল। এই আলোচনার ইতিবাচক প্রভাবে আন্তর্জাতিক বাজারে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের জুলাই চুক্তির দাম ব্যারেলপ্রতি ৭ সেন্ট কমে ৭৬.৫৩ ডলারে দাঁড়িয়েছে এবং আগস্ট চুক্তির দাম ৫৫ সেন্ট কমে নেমে এসেছে ৭৫.৩০ ডলারে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সরকারি ছুটির কারণে গত শুক্রবার বাজারে কোনো নিষ্পত্তি বা সেটেলমেন্ট হয়নি।
বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তার দেশ তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিলতার আশ্বাস পেয়েছে। এর পাশাপাশি কিছু জব্দকৃত সম্পদ মুক্ত করার প্রতিশ্রুতি এবং ইরানের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালুর বিষয়েও অগ্রগতি অর্জিত হয়েছে।
বাজার বিশ্লেষক টনি সাইকামোর জানান, চলতি সপ্তাহের শেষ দিকে মার্কিন-ইরান আলোচনায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে এবং উভয় পক্ষ একটি উচ্চপর্যায়ের যৌথ কমিটি গঠনে সম্মত হয়েছে। তবে এই পদক্ষেপগুলো বাস্তবে কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে এখনো স্পষ্টতা মেলেনি, বিশেষ করে দক্ষিণ লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এই বিষয়টিকে আরও জটিল করে তুলতে পারে।
এসআর