কাতারে সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।
নিহতদের সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সময় রোববার ভোরে কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন— কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
পরিবারের সদস্য ও কাতারস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো তারা ভোরে কর্মস্থলের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের অংশে ছিটকে পড়ে।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয় ট্রাফিক কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।
এই দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়ার পর কানাইঘাটে নিহতদের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের কান্নায় এলাকাজুড়ে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ঘটনার পর কাতারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল ও সংশ্লিষ্ট হাসপাতালের মর্গ পরিদর্শন করেন। তারা নিহতদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেন।
দূতাবাস জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহগুলো দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
এদিকে কাতারভিত্তিক প্রবাসী সংগঠন ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন’-এর নেতারাও নিহতদের পরিবারকে সহায়তা করতে কাজ করছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দূতাবাসের সঙ্গে সমন্বয় করে মরদেহ দ্রুত স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।ত
এসআর