পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শুক্রবার (২৬ জুন) ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
কোহলু জেলাকে কেন্দ্র করে সৃষ্ট এ কম্পন আশপাশের ঝোব, বারখান ও রাখনি এলাকাতেও টের পান স্থানীয়রা।
পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৭ কিলোমিটার গভীরে। উপকেন্দ্র কোহলু শহর থেকে আনুমানিক ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এর আগে একই দিন দুপুরেও কোহলু অঞ্চলে মৃদু কম্পন অনুভূত হয়েছিল। এছাড়া চলতি মাসের শুরুতে লাহোর ও পার্শ্ববর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। তখনও আতঙ্কে বাসিন্দারা নিরাপদ স্থানে আশ্রয় নেন।
ভূতাত্ত্বিকভাবে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় পাকিস্তান নিয়মিত ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। অতীতেও দেশটিতে একাধিক শক্তিশালী ভূমিকম্পে উল্লেখযোগ্য প্রাণহানি ও ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
এসআর