মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের ইঙ্গিত এবং হরমুজ প্রণালি পুনরায় সচল হওয়ার সম্ভাবনায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী হয়েছে।
বাজার সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট কমে ৭৮ দশমিক ৬৬ ডলারে নেমে আসে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৯৮ সেন্ট হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৭৫ দশমিক ৮১ ডলারে লেনদেন হতে দেখা যায়।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসন এবং হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতা বাজারে ইতিবাচক বার্তা দিয়েছে।
এতে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা কমে যাওয়ায় দামও কিছুটা নেমে এসেছে।
বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়।
তাই এই নৌপথে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্বস্তি তৈরি করেছে।
বাজার পর্যবেক্ষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি যদি আরও স্থিতিশীল হয়, তাহলে আগামী দিনগুলোতে তেলের দামে আরও কিছুটা চাপ দেখা যেতে পারে।
এসআর