[email protected] রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

৮০ বছরে পা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন ২০২৬ ৩:৫৯ পিএম

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তার ৮০তম জন্মদিন উদযাপন করছেন।

১৪ জুন জন্মগ্রহণকারী এই রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বের বিশেষ দিনটি উপলক্ষে হোয়াইট হাউজে বিভিন্ন আয়োজন করা হয়েছে।


জানা গেছে, জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউজের দক্ষিণ লনে অস্থায়ীভাবে একটি বক্সিং রিং ও দর্শক গ্যালারি স্থাপন করা হয়েছে। দিনটির একটি অংশ তিনি বক্সিং প্রতিযোগিতা উপভোগ করেই কাটাবেন।


১৯৪৬ সালের ১৪ জুন নিউইয়র্কের কুইন্স এলাকায় জন্মগ্রহণ করেন ট্রাম্প। তার বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন পরিচিত রিয়েল এস্টেট উদ্যোক্তা এবং মা ছিলেন মেরি অ্যান ম্যাকলিওড। সচ্ছল পারিবারিক পরিবেশে তার বেড়ে ওঠা।


পাঁচ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। কৈশোরে শৃঙ্খলাবোধ গড়ে তুলতে তাকে নিউইয়র্ক মিলিটারি একাডেমিতে পাঠানো হয়। পরবর্তীতে তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন।


শিক্ষাজীবন শেষে পারিবারিক ব্যবসায় যুক্ত হয়ে ধীরে ধীরে রিয়েল এস্টেট খাতে নিজের অবস্থান শক্ত করেন। ১৯৭১ সালে প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণের পর তিনি এর নাম পরিবর্তন করে ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’ রাখেন।

নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারসহ বিভিন্ন বাণিজ্যিক প্রকল্প, হোটেল ও গলফ কোর্স নির্মাণের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। পরে টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর মাধ্যমে বিশ্বব্যাপী আরও পরিচিত হয়ে ওঠেন।


ব্যবসা থেকে রাজনীতিতে এসে ২০১৫ সালে তিনি প্রেসিডেন্ট পদে প্রার্থিতা ঘোষণা করেন। ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ স্লোগানকে সামনে রেখে ২০১৬ সালের নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হন। এরপর এক মেয়াদ বিরতির পর ২০২৪ সালের নির্বাচনে জয় লাভ করে পুনরায় হোয়াইট হাউজে ফিরে আসেন তিনি।


আন্তর্জাতিক রাজনীতি, ব্যবসা ও গণমাধ্যম—তিন ক্ষেত্রেই প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব হিসেবে ডোনাল্ড ট্রাম্প এখনও বিশ্বজুড়ে আলোচিত একটি নাম।

এসআর

সম্পর্কিত খবর