দেশে হামের সংক্রমণ পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন, সিলেট বিভাগে তিনজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩৭৮ জনের মৃত্যু হয়েছে।
তাঁদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ১০৬ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২৭২ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭৩ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৮০৮ জনে। একই সময়ে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৮ জন। এ নিয়ে দেশে নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৫৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন।
এ/এইচ/টি