গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে
হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন রোগী।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুসারে, চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৮ জনে। এর মধ্যে কেবল নভেম্বরের প্রথম ২১ দিনেই প্রাণ হারিয়েছেন ১০০ জন।
এছাড়া চলতি বছর মাসভিত্তিক ডেঙ্গুতে মৃত্যুর হিসাব অনুযায়ী—অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে মারা গেছেন।
বুলেটিনের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫১৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এতে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জনে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৭ হাজার ৮৮৫ জন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ৭৫৫ জন। পাশাপাশি খুলনা বিভাগে ১৭৪ জন, বরিশালে ১৬৭ জন, চট্টগ্রামে ১৫০ জন, রাজশাহীতে ১৩৩ জন, ময়মনসিংহে ৭৬ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এইচ/এম