রোগের উপসর্গ দেখা দেওয়ার আগেই শরীরে বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি তৈরি হতে পারে।
প্রতিষ্ঠানটির নাম লাইভফোরওয়েল। তাদের দাবি, সাতটি বিশেষায়িত যন্ত্র এবং নিজস্ব স্বাস্থ্যবিষয়ক এআই মডেল ‘মেডিএলএলএম’ ব্যবহার করে ৫৫টির বেশি রোগের সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন করা যায়। পরীক্ষার ধরন অনুযায়ী কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যেই প্রাথমিক প্রতিবেদন পাওয়া সম্ভব। এ ব্যবস্থায় সব পরীক্ষার জন্য রক্ত, প্রস্রাব কিংবা শরীরের নমুনা দেওয়ার প্রয়োজন হয় না।
সম্প্রতি হংকংয়ে প্রতিষ্ঠানটির ইন্টেলিজেন্ট হেলথ অ্যাসেসমেন্ট সেন্টার পরিদর্শন করেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের একটি প্রতিনিধিদল। চীন সফরের অংশ হিসেবে গত ২৮ অক্টোবর এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সম্পাদক ও স্বাস্থ্যসংশ্লিষ্ট প্রতিনিধিরা এতে অংশ নেন। প্রতিনিধিদলের কয়েকজন সদস্য নিজেরাও প্রযুক্তিটির মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করান।
পরিদর্শনকালে দেখা যায়, বিশেষায়িত যন্ত্রের সামনে দাঁড়িয়ে নির্দিষ্ট নিয়মে মুখ ও শরীরের অবস্থান পরিবর্তন করলেই কয়েক সেকেন্ডে একটি পরীক্ষা সম্পন্ন হচ্ছে। পরে শরীরের গঠন ও ভঙ্গি সম্পর্কে প্রতিবেদন পাওয়া যাচ্ছে। পরীক্ষায় একজন সাংবাদিকের হাঁটার সময় শরীর সামনের দিকে ঝুঁকে থাকার বিষয়টি শনাক্ত হয়। আগে তিনি এ বিষয়ে অবগত ছিলেন না। সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা জানান, দীর্ঘদিন এমন ভঙ্গিতে চলাফেরা করলে মেরুদণ্ডসহ শরীরের বিভিন্ন অংশে চাপ পড়তে পারে।
একই কেন্দ্রে ৩২ বছর বয়সী আরেক সংবাদকর্মীর পরীক্ষায় অতিরিক্ত ওজন ও ডায়াবেটিসের সম্ভাব্য ঝুঁকির তথ্য উঠে আসে। তাকে জীবনযাপনে পরিবর্তন, নিয়মিত ব্যায়াম এবং খাদ্যাভ্যাসের বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ভাষ্য, সাতটি যন্ত্রের মাধ্যমে সংগৃহীত তথ্য একত্র করে বিশ্লেষণ করে মেডিএলএলএম। ব্যক্তির শারীরিক গঠন, বিভিন্ন পরিমাপ, স্বাস্থ্যসংক্রান্ত বিবরণ এবং দৈনন্দিন অভ্যাসের ভিত্তিতে সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি তুলে ধরে এই ব্যবস্থা।
এ সময় ই-সেন্স ইনোভেশন অ্যান্ড টেকনোলজি লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. রাসেল চ্যান ইলেকট্রিক্যাল ইম্পিড্যান্স টোমোগ্রাফি (ইআইটি) প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত জানান। তার মতে, শরীরের বিভিন্ন টিস্যুর বৈদ্যুতিক প্রতিবন্ধকতার পার্থক্য বিশ্লেষণ করে অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে তথ্য পাওয়া যায় এ পদ্ধতিতে। এতে এক্স-রের মতো আয়নাইজিং বিকিরণ ব্যবহারের প্রয়োজন পড়ে না।
ড. রাসেল চ্যান জানান, আধুনিক স্বাস্থ্য পরীক্ষার প্রযুক্তি সাধারণ মানুষের কাছে সহজলভ্য করাই তাদের অন্যতম লক্ষ্য। বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যসেবায় ব্যবহার করা যায় এবং পরিচালনার জন্য সব ক্ষেত্রে বিশেষজ্ঞ অপারেটরের প্রয়োজন হয় না—এমন যন্ত্র উদ্ভাবনে তারা গুরুত্ব দিচ্ছেন।
লাইভফোরওয়েলের সহপ্রতিষ্ঠাতা মিরান্ডা ওং বলেন, স্বাস্থ্য খাতে বিপুল অর্থ ব্যয় হলেও অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান না। রোগ জটিল হওয়ার পর চিকিৎসা শুরু করলে ব্যক্তি ও রাষ্ট্র উভয়ের ব্যয় বাড়ে। তাই চিকিৎসার পাশাপাশি রোগের ঝুঁকি আগে থেকে চিহ্নিত করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।
তিনি আরও জানান, নতুন কোনো দেশে সেবা চালুর আগে সেখানকার মানুষের আর্থিক সামর্থ্য, স্বাস্থ্যসেবার চাহিদা ও স্থানীয় পরিস্থিতি বিবেচনা করা হয়। এরপর সম্ভাব্য অংশীদারদের সঙ্গে আলোচনা করে সেবার ধরন ও মূল্য নির্ধারণ করা হয়। বাংলাদেশের স্বাস্থ্য খাত সম্পর্কে ধারণা নেওয়া এবং ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করতেই এ সফর গুরুত্বপূর্ণ।
প্রতিষ্ঠানটির ‘ভিআইভি পাস’ নামের সেবায় ২৪ ঘণ্টা স্বাস্থ্য পর্যবেক্ষণ, ব্যক্তিভিত্তিক ব্যায়াম পরিকল্পনা এবং খাদ্যাভ্যাস উন্নয়নের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া ‘সুইট পয়েন্ট’ ও ‘ওয়েলশপ’ ব্যবস্থার মাধ্যমে মানুষকে শরীরচর্চা ও স্বাস্থ্যকর অভ্যাসে উৎসাহিত করা হচ্ছে। তাদের ‘মুভ টু আর্ন’ ধারণায় নিয়মিত শারীরিক কর্মকাণ্ডের বিনিময়ে পয়েন্ট ও পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে।
কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে অ্যাপ চালুর পর ৪০টির বেশি দেশের প্রায় ২ লাখ ৯০ হাজার মানুষ এতে নিবন্ধন করেছেন। এশীয় জনগোষ্ঠীর শারীরিক ও স্বাস্থ্যগত বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে প্রযুক্তির উন্নয়ন এবং তথ্যভান্ডার সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।
বাংলাদেশে মৃত্যুর অন্যতম প্রধান কারণ অসংক্রামক রোগ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশের জন্য দায়ী এসব রোগ। প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিস, হৃদরোগ, ক্যানসার, উচ্চ রক্তচাপ ও দীর্ঘস্থায়ী কিডনি রোগের ঝুঁকি চিহ্নিত করা গেলে অনেক ক্ষেত্রে জটিলতা কমানোর সুযোগ তৈরি হতে পারে। এ কারণে এআইভিত্তিক স্বাস্থ্য মূল্যায়ন প্রযুক্তিকে সম্ভাবনাময় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ বলেন, দেশের অনেক মানুষ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান না। গুরুতর অসুস্থতা দেখা না দেওয়া পর্যন্ত চিকিৎসকের কাছে যাওয়ার প্রবণতাও কম। অল্প সময়ে স্বাস্থ্য সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার প্রযুক্তি মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়ক হতে পারে। তবে রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি এ ধরনের সেবার খরচ সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে রাখতে হবে।
বিশেষজ্ঞদের মতে, এআইয়ের তৈরি স্বাস্থ্য প্রতিবেদনকে চূড়ান্ত রোগ নির্ণয় হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না। এসব প্রযুক্তির কার্যকারিতা, তথ্যের নির্ভুলতা ও বৈজ্ঞানিক গ্রহণযোগ্যতা স্বাধীনভাবে পরীক্ষা করা প্রয়োজন। কোনো রোগের বিষয়ে নিশ্চিত হতে হলে প্রচলিত চিকিৎসা পরীক্ষা এবং চিকিৎসকের মূল্যায়ন জরুরি।
বাংলাদেশে এ ধরনের প্রযুক্তি চালু করতে হলে কয়েকটি বিষয় বিশেষভাবে বিবেচনা করতে হবে। এর মধ্যে রয়েছে সেবার ব্যয়, সাধারণ মানুষের আর্থিক সামর্থ্য, দক্ষ জনবল, প্রয়োজনীয় অবকাঠামো এবং ব্যক্তিগত স্বাস্থ্যতথ্যের সুরক্ষা। প্রযুক্তির সুবিধা যেন কেবল সচ্ছল জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থাকে, তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
এফ/ডি