[email protected] সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণ বয়সেও স্ট্রোকের ঝুঁকি, শরীরে যেসব পরিবর্তন দেখলে দ্রুত চিকিৎসা জরুরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ ৬:২৯ পিএম

সংগৃহীত ছবি

স্ট্রোককে অনেকেই বয়স্ক মানুষের অসুস্থতা মনে করেন।

তবে চিকিৎসাবিজ্ঞানের তথ্য বলছে, তরুণ ও মধ্যবয়সীরাও এ সমস্যার ঝুঁকিতে রয়েছেন। বিশ্বজুড়ে ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে। তাই বয়স কম বলে স্ট্রোকের আশঙ্কা উড়িয়ে দেওয়া ঠিক নয়।

 

ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের ২০২৫ সালের গ্লোবাল স্ট্রোক ইনফরমেশন রিপোর্ট অনুযায়ী, বিশ্বে নতুন করে স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের প্রায় ১৫ শতাংশের বয়স ১৫ থেকে ৪৯ বছরের মধ্যে।

 

বিশেষজ্ঞদের মতে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে অতিরিক্ত কোলেস্টেরল, স্থূলতা, ধূমপান ও হৃদরোগ স্ট্রোকের অন্যতম ঝুঁকির কারণ। এ ছাড়া বংশগত কিছু রোগ, রক্ত জমাট বাঁধার সমস্যা এবং নারীদের গর্ভাবস্থা ও সন্তান প্রসবের পরবর্তী সময়েও ঝুঁকি বাড়তে পারে।

 

স্ট্রোকের যেসব লক্ষণ গুরুত্ব দিতে হবে

স্ট্রোকের ক্ষেত্রে কিছু শারীরিক পরিবর্তন হঠাৎ দেখা দিতে পারে। যেমন—

 

  • শরীরের এক পাশের হাত বা পায়ে দুর্বলতা কিংবা অসাড়তা।
  • মুখের এক পাশ বেঁকে যাওয়া।
  • কথা বলতে সমস্যা হওয়া বা কথা অস্পষ্ট হয়ে যাওয়া।
  • হঠাৎ চোখে ঝাপসা দেখা কিংবা দৃষ্টিশক্তি কমে যাওয়া।
  • হাঁটতে গিয়ে ভারসাম্য হারানো।
  • হঠাৎ মাথা ঘোরা বা চলাফেরায় সমন্বয়হীনতা দেখা দেওয়া।
  •  

এসব লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি। কয়েক মিনিটের মধ্যে উপসর্গ চলে গেলেও নিশ্চিন্ত হওয়া যাবে না। কারণ এটি সাময়িক স্ট্রোকের সতর্কসংকেতও হতে পারে।

 

বি-ফাস্ট পদ্ধতিতে স্ট্রোক শনাক্ত

স্ট্রোকের প্রাথমিক লক্ষণ বুঝতে চিকিৎসা বিশেষজ্ঞরা ‘বি-ফাস্ট’ পদ্ধতির কথা বলেন। এতে ছয়টি বিষয় খেয়াল রাখতে হয়।

 

১. বি (ব্যালান্স): হঠাৎ শরীরের ভারসাম্য নষ্ট হওয়া।

২. ই (আই): এক বা দুই চোখে আকস্মিক দৃষ্টিসমস্যা দেখা দেওয়া।

৩. এফ (ফেস): মুখের এক পাশ ঝুলে পড়া বা বেঁকে যাওয়া।

৪. এ (আর্ম): এক পাশের হাত বা পায়ে শক্তি কমে যাওয়া।

৫. এস (স্পিচ): কথা জড়িয়ে যাওয়া কিংবা অন্যের কথা বুঝতে অসুবিধা হওয়া।

৬. টি (টাইম): এসব লক্ষণের কোনোটি দেখা দিলেই জরুরি চিকিৎসার ব্যবস্থা করা।

 

চিকিৎসায় সময় নষ্ট করা বিপজ্জনক

স্ট্রোকের চিকিৎসায় সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, লক্ষণ শুরুর পর প্রথম সাড়ে চার ঘণ্টার মধ্যে নির্দিষ্ট ধরনের স্ট্রোকের উপযুক্ত রোগীকে রক্ত জমাট দূর করার চিকিৎসা দেওয়া সম্ভব হতে পারে। এতে মস্তিষ্কের ক্ষতি কমানোর সুযোগ তৈরি হয়।

 

তবে এই সময় পার হয়ে গেলেও হাসপাতালে যেতে দেরি করা উচিত নয়। রোগীর স্ট্রোকের ধরন, উপসর্গ শুরুর সময় এবং বিভিন্ন পরীক্ষার ফল বিবেচনা করে চিকিৎসক পরবর্তী ব্যবস্থা নির্ধারণ করেন।

 

কেন কম বয়সীদের মধ্যেও বাড়ছে স্ট্রোক

মুম্বাইয়ের যশলোক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের নিউরোলজিস্ট ডা. বিনয় ভান্ডারীর দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৯০ থেকে ২০২১ সালের মধ্যে বিশ্বে ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের নতুন করে স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঘটনা প্রায় ৩৬ শতাংশ বেড়েছে।

 

উচ্চ রক্তচাপ এ ক্ষেত্রে অন্যতম বড় ঝুঁকি। দীর্ঘদিন রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে রক্তনালির স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে মস্তিষ্কে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হওয়া কিংবা রক্তনালি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

 

একইভাবে ডায়াবেটিস ও স্থূলতা স্ট্রোকের সম্ভাবনা বাড়ায়। বিশেষ করে পেটের অতিরিক্ত চর্বির সঙ্গে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এবং ইনসুলিন প্রতিরোধের সম্পর্ক রয়েছে।

 

এ ছাড়া সিকেল সেল ডিজিজ ও মোয়া মোয়া রোগের মতো কিছু বিরল জিনগত সমস্যাও স্ট্রোকের কারণ হতে পারে। ধূমপান রক্তনালির ক্ষতি করে এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত অ্যালকোহল ও কিছু মাদক গ্রহণও এ ক্ষেত্রে ক্ষতিকর ভূমিকা রাখতে পারে।

স্ট্রোকের ঝুঁকি কমাতে যেসব অভ্যাস জরুরি

বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন জীবনযাপনে কিছু পরিবর্তন এনে স্ট্রোকের ঝুঁকি কমানো সম্ভব। এ জন্য—

  • নিয়মিত রক্তচাপ পরীক্ষা ও নিয়ন্ত্রণে রাখা।
  • ডায়াবেটিস ও কোলেস্টেরলের মাত্রা পর্যবেক্ষণ করা।
  • ধূমপান থেকে সম্পূর্ণ বিরত থাকা।
  • পুষ্টিকর ও সুষম খাবার খাওয়া।
  • নিয়মিত শারীরিক পরিশ্রম ও ব্যায়াম করা।
  • স্বাস্থ্যকর ওজন বজায় রাখা।
  • পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা।
  • দীর্ঘস্থায়ী মানসিক চাপ কমানোর চেষ্টা করা।

স্ট্রোক শুধু বয়স্কদের সমস্যা নয়। তাই বয়স কম হলেও হঠাৎ অস্বাভাবিক শারীরিক লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত জরুরি চিকিৎসা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এফ/ডি

সম্পর্কিত খবর