সিলেট বিভাগে হাম সন্দেহে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তারা মারা যায়। মৃত শিশুদের বয়স ৯ মাস থেকে ১ বছর ২ মাসের মধ্যে, যাদের মধ্যে দুজন সুনামগঞ্জ জেলার এবং একজন মৌলভীবাজারের বাসিন্দা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া শিশুদের একজন ১ বছর ২ মাস বয়সী মুনতাহা জান্নাত ফারিহা। সুনামগঞ্জের ছাতক উপজেলার এই শিশুর অভিভাবক রফিক উল্লাহ এবং সে গত ২২ নভেম্বর মৃত্যুবরণ করে। এ ছাড়া ২৩ নভেম্বর মৃত্যু হয় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯ মাস বয়সী শিশু বর্ষণের, যার অভিভাবক সুমন দাস। একই দিনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১ বছর বয়সী শিশু প্রিয়নশি দাসও মারা যায়; তার অভিভাবক শ্যামলাল দাস।
নতুন এই তিনজনের মৃত্যুসহ সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে মোট মৃতের সংখ্যা বেড়ে ২২৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২১৯ জন সন্দেহভাজন এবং ১০ জন নিশ্চিতভাবে হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, এ পর্যন্ত সিলেটে ১০১ জন, সুনামগঞ্জে ৭৬ জন, হবিগঞ্জে ৩৫ জন এবং মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, পুরো বিভাগে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪০ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে সর্বমোট ৫৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এইচ/এম