দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য থেকে এ পরিসংখ্যান জানা গেছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের। এ ছাড়া ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, একই সময়ে দেশে নতুন করে ৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে নিশ্চিতভাবে আক্রান্ত রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৪৭৮ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৮৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে চলতি বছরে সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ২২ হাজার ৫৫২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম পরিস্থিতি পর্যবেক্ষণে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা এবং মৃত্যুর হিসাব নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।
এসআর