[email protected] মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩

হাম ও ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬ ৮:০০ পিএম

সংগৃহীত ছবি

দেশে হাম ও ডেঙ্গুর সংক্রমণে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন চারজন।

 

একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৪২ জন। এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৮৫১ জন।

 

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের পরিস্থিতি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২০১ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০৪ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে। বাকি ১ হাজার ৯৭ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

 

অন্যদিকে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৫২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ২৫১ জনে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর এ রোগে মারা যান ৪১৩ জন। এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

 

হাম ও ডেঙ্গুতে মৃত্যুর পাশাপাশি নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে সচেতনতা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ গুরুত্বপূর্ণ।

এসআর

সম্পর্কিত খবর