দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৯৫ জন, চট্টগ্রামে ২৪৬ জন, সিলেটে ১৪২ জন, বরিশালে ১৩২ জন, খুলনায় ১২৬ জন, ময়মনসিংহে ৭২ জন, রাজশাহীতে ৩৭ জন এবং রংপুরে ২৪ জন রয়েছেন।
অন্যদিকে, নতুন করে নিশ্চিতভাবে হামে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৬৭ জন শনাক্ত হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ৬৩ জন এবং খুলনায় ৯ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে ঢাকা বিভাগের তিনজন, চট্টগ্রামের দুজন এবং সিলেটের একজন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৬৬ জন।
এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৭১২ জনে। আর হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা ২ লাখ ৭ হাজার ৩৭১ জন।
এ ছাড়া হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন।
এসআর