ইউনিসেফের মাধ্যমে এবং 'আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি'র আওতায় বাংলাদেশে
চলমান হাম-রুবেলা ক্যাচ-আপ টিকাদান কার্যক্রমে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশে ভাইরাসের প্রাদুর্ভাব চলাকালে ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় এ সহায়তার হাত বাড়ানো হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই দেশব্যাপী টিকাদান কর্মসূচির মূল লক্ষ্য ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা।
বুধবার (৭ অক্টোবর) বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
এই টিকাদান কার্যক্রম সরেজমিনে দেখতে ঢাকার বনানীর কড়াইলের টি অ্যান্ড টি মাঠে উপস্থিত হন শার্জে দ্য অ্যাফেয়ার্স এরিক গিলান। পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আবদুল মুহিত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশনস অ্যান্ড অ্যাডভোকেসি প্রধান মিগেল মাতেও মুনিয়োজ এবং ইউনিসেফ বাংলাদেশের ইমিউনাইজেশন লিড ডা. রিয়াদ মাহমুদ।
এসআর