অক্টোবরের প্রথম সাত দিনেই দেশে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ২৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৪৮ জনের মৃত্যু হয়েছে সেপ্টেম্বরে। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজন মারা গেছেন। জানুয়ারি ও ফেব্রুয়ারি—দুই মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ১৫১ জনে।
একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৫৭ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৮৮ হাজার ২০৮ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৭৯০ জন। এর বাইরে খুলনায় ২৯২ জন, চট্টগ্রামে ২৮০ জন, রাজশাহীতে ২০৬ জন, বরিশালে ১৯৫ জন, ময়মনসিংহে ৯৩ জন এবং রংপুরে ৬৪ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরের শুরুতেই ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।
এসআর