[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬ ৫:০৫ পিএম

সংগৃহীত ছবি

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৩৮ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৪৩২ জন হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন।

 

বিভাগভিত্তিক হিসাবে বরিশালে ১৯৫ জন, চট্টগ্রামে ২৫৬ জন, খুলনায় ২৩৪ জন, ময়মনসিংহে ১০০ জন, রাজশাহীতে ২৩০ জন, রংপুরে ৭০ জন এবং সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চারজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় তিনজন, চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় একজন রয়েছেন।

 

এদিকে, একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮০৩ জন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জনে। এর মধ্যে অক্টোবর মাসেই মারা গেছেন ৮৬ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭ হাজার ২৫৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৩১ জন।

 

এর আগে সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ ৪৩ হাজার ৭৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই মাসে এ রোগে ১৪৮ জনের মৃত্যু হয়েছিল।

এসআর

সম্পর্কিত খবর