দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১১ দিনেই প্রাণ হারিয়েছেন ৬২ জন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি—দুই মাসেই দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৪৪২ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৪২৮ জন। এ নিয়ে চলতি বছরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৯৫ হাজার ৩৩১ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ২৯৮ জন, চট্টগ্রামে ২৮৭ জন, রাজশাহীতে ২৫৩ জন, বরিশালে ২৪৩ জন, ময়মনসিংহে ১০২ জন এবং রংপুরে ৯২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এসআর