দেশজুড়ে হাম উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত এক দিনে হাম উপসর্গ নিয়ে ১ হাজার ২২৮ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত বা সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৮ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১১৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ২১ হাজার ২১২ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই সময়ে হাম উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের উপসর্গে মৃত্যুর সংখ্যা ছিল ৯৯৫ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট ১০১ জনের মৃত্যু হয়েছে।
এসআর