চলতি বছরে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৫৭ জনে পৌঁছেছে। এর
মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৫৬ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে নতুন করে ৪ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে সর্বোচ্চ ২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।
একই সময়ে সারা দেশের হাসপাতালগুলোতে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন ১ হাজার ২৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বাধিক ৫১৩ জন আক্রান্ত হয়ে ভর্তি হন। এছাড়া চট্টগ্রামে ২৮৪, সিলেটে ১৪৫, বরিশালে ১১৪, খুলনায় ৭০, ময়মনসিংহে ৫৪, রাজশাহীতে ৩০ এবং রংপুর বিভাগে ২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে সর্বমোট ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জন রোগী ভর্তি হন, যাদের মধ্যে ১ লাখ ৫২ হাজার ২২৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনে, যার মধ্যে ল্যাব পরীক্ষায় ২০ হাজার ৫৬২ জনের দেহে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এসআর