দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৩৩ জন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ জনে। এর মধ্যে আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে প্রাণ হারিয়েছেন ৬০ জন। এছাড়া জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৩৩ রোগী। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৭০ জনে।
এদিকে একই সময়ে চিকিৎসা শেষে ১ হাজার ২৮২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৩৭৫ জন।
নতুন রোগী ভর্তির হিসাবে সবচেয়ে এগিয়ে ঢাকা বিভাগ। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৭০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনায় ৩০২, বরিশালে ১৯১, চট্টগ্রামে ১৯১, ময়মনসিংহে ১১০, রংপুরে ৮৬ এবং রাজশাহীতে ৪৫ জন ভর্তি হয়েছেন।
এসআর