দেশে হামের উপসর্গ নিয়ে গত এক দিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে দুজন ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে ৮৮৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। পাশাপাশি পরীক্ষায় আরও ৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৬৪ শিশু।
এ সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৯ শিশুর। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম—দুই হিসাবে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৩ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭ জনের শরীরে হাম শনাক্ত হওয়ায় ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫৩ জনে।
অন্যদিকে, গত এক দিনে ৮৮৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এ ধরনের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, এই সময়ে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৫৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন।
এসআর