দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩২ শিশু।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৮৩৯ শিশুর মৃত্যু হয়েছে। আর পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৮।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে আরও ১ হাজার ১৪৯ শিশু। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৫ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯৪৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশে হামের সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৬৫২। এর মধ্যে পরীক্ষায় ১৮ হাজার ৪৮৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩১ হাজার ৬৬৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে তাদের মধ্যে ১ লাখ ২৬ হাজার ৯২১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
এসআর