[email protected] বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩

মিনার্ভা হসপিটালের সচেতনতামূলক সেমিনার ও ফ্রি স্ক্রিনিং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬ ৮:২১ পিএম

সংগৃহীত ছবি

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে রাজধানীর মিনার্ভা হসপিটাল লিমিটেডে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এ আয়োজনে ছিল বিনামূল্যে হেপাটাইটিস বি স্ক্রিনিং, সচেতনতামূলক সেমিনার, র‌্যালি এবং রোগী-স্বজনদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব।

সকালে বিনামূল্যে স্ক্রিনিং কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দুপুরে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে শান্তিনগর এলাকা প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে সেমিনার।

সেমিনারে হেপাটোলজি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. এম সাঈদুল হক বলেন, হেপাটাইটিস বি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ওষুধ শুরু করা উচিত নয়।

রোগের প্রকৃতি নিশ্চিত করতে ডিএনএ, লিভার এনজাইম, আল্ট্রাসনোগ্রাম ও ফাইব্রোস্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা করা জরুরি। তিনি নিয়মিত চিকিৎসা গ্রহণ, মদ্যপান পরিহার এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ ব্যবহার না করার আহ্বান জানান।

পেডিয়াট্রিক বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জেবুন নাহার বলেন, শিশুদের হেপাটাইটিস থেকে সুরক্ষায় অভিভাবকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সন্তানকে নিরাপদ রাখতে বাবা-মায়েরও হেপাটাইটিস বি সংক্রমণমুক্ত থাকা এবং প্রয়োজনে চিকিৎসা নেওয়া উচিত।

মেডিসিন বিশেষজ্ঞ ডা. মমতাজুল হক বলেন, হেপাটাইটিস বি প্রতিরোধে ভ্যাকসিন অত্যন্ত নিরাপদ ও কার্যকর।

তাঁর মতে, এই টিকা অধিকাংশ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সুরক্ষা দেয় এবং বিশ্বজুড়ে বহু মানুষের ওপর সফলভাবে প্রয়োগের মাধ্যমে এর কার্যকারিতা ও নিরাপত্তা প্রমাণিত হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ৩০০ জন হেপাটাইটিস বি আক্রান্ত রোগীকে বিনামূল্যে স্ক্রিনিং সেবা দেওয়া হয়েছে।

পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রোগীদের চিকিৎসা-পরামর্শ, প্রয়োজনীয় দিকনির্দেশনা, উন্নত পরীক্ষার তথ্য, নতুন রোগী নিবন্ধন এবং পুরোনো রোগীদের ফলোআপ সেবাও প্রদান করা হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া রোগী ও তাদের স্বজনরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও উপকারী বলে অভিমত প্রকাশ করেন।

ডা. মিতুর সঞ্চালনায় আয়োজনে উপস্থিত ছিলেন গাইনি বিভাগের অধ্যাপক ডা. শামীমা সুলতানা, ডা. ফারহানুল জান্নাত, ডা. লুৎফুন নাহার মুক্তা, ডা. তন্বী সাহা এবং ডা. আশরাফুল আলম।

এছাড়া হাসপাতালের শেয়ারহোল্ডার নির্ভানা হক ও সামিয়া হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মিনার্ভা হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নাজনীন সুলতানা অংশগ্রহণকারী রোগী ও অতিথিদের ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতেও জনসেবামূলক স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ ধরনের উদ্যোগে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

কর্মসূচি বাস্তবায়নে হাসপাতালের জেনারেল ম্যানেজার নুরুল হুদা, মো. আমিনুল ইসলাম, এজিএম আহসান হাবীব রিংকু, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল হুদাসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করেন।

এসআর

সম্পর্কিত খবর