দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৯৩ জনে দাঁড়িয়েছে।
সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৭৯৩ জনের মৃত্যুর মধ্যে ৬৯৮ জন হামের উপসর্গে এবং পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত ৯৫ জন মারা গেছেন।
একই সময়ে দেশে নতুন করে ১৪৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া আরও ৯২২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এর ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১৪ হাজার ৫৭৮ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ লাখ ১৮ হাজার ৫৭০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ১ হাজার ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৭ হাজার ৫৩২ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এসআর