দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৭৩ জনের মধ্যে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক দিনে সিলেট বিভাগে হামের উপসর্গে তিন শিশুর এবং ঢাকা বিভাগে একজন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হামে আক্রান্ত ও উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৪ জনে। এর মধ্যে ৯৫ জনের মৃত্যু হয়েছে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর এবং ৬৮৯ জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।
এদিকে গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নতুন ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৬৯৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ১৬ হাজার ৭১০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। আর পরীক্ষায় মোট ১৪ হাজার ৩১৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৯ হাজার ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৫ হাজার ৫৩৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
এসআর