দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ বা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪৮ জন।
সরকারি তথ্য অনুযায়ী, চলমান পরিস্থিতিতে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে মোট ৬৬৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৭৩ জনের মৃত্যু হয়েছে উপসর্গজনিত জটিলতায় এবং ৯৩ জনের ক্ষেত্রে হাম সংক্রমণ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগী হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০৭ জন। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, যেখানে সংখ্যাটি ৩৩১। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ১৭৫ এবং বরিশাল বিভাগে ১৩৫ জন।
অন্যদিকে চিকিৎসা শেষে একই সময়ে ৮১৫ জন রোগী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হওয়ার পর থেকে সংক্রমণ দ্রুত বিস্তার লাভ করে। গত ৯৫ দিনে হামের উপসর্গ দেখা গেছে প্রায় ৮৯ হাজার ৯০৪ জনের মধ্যে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ হাজার ১৮৪ জন এবং পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৭৭৩ জনের।
এ পর্যন্ত চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭০ হাজার ৫০৩ জন রোগী।
এসআর