দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন এসব মৃত্যুর ফলে চলতি বছরের মার্চের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৬৫২ জনে পৌঁছেছে।
রোববার (১৪ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৬০ শিশু। এছাড়া পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হামে মৃত্যুর সংখ্যা ৯২। দুই শ্রেণির মৃত্যুর হিসাব মিলিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬৫২ জনে।
এদিকে, গত একদিনে দেশের বিভিন্ন এলাকায় আরও ১ হাজার ৫২ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮৫ হাজার ৯৫১ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নতুন করে ৭৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ফলে চলতি প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৩২৩ জনে পৌঁছেছে।
হাসপাতালভিত্তিক তথ্য বলছে, ১৫ মার্চের পর থেকে হামের উপসর্গ নিয়ে ৭০ হাজার ৫৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ৮৪১ জন।
তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এসআর